সাশ্রয়ী দামে শক্তিশালী জেএফ-১৭: বিশ্ববাজারে বাড়ছে থান্ডারের চাহিদা
সৌদি আরবের পাশাপাশি বাংলাদেশ, ইরাক, ইন্দোনেশিয়া ও লিবিয়া—একাধিক দেশ এখন পাকিস্তানের তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। গত বছরের সেপ্টেম্বরে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পর থেকেই পাকিস্তানের এই সামরিক সক্ষমতার প্রতি দেশটির আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে। বিশেষজ্ঞরা মনে করেন, অপেক্ষাকৃত কম খরচে উন্নত যুদ্ধক্ষমতা এবং বাস্তব যুদ্ধে এর সফল পারফরম্যান্সই এই আগ্রহের মূল কারণ।
ইসলামাবাদ থেকে প্রায় ৫০ মাইল দূরে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে তৈরি এই যুদ্ধবিমানটি ৪.৫ প্রজন্মের প্রযুক্তিতে নির্মিত। এতে রয়েছে আধুনিক এভিওনিক্স, এইএসএ রাডার এবং চীনের তৈরি পিএল-১০ই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা দৃষ্টিসীমার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। জেএফ-১৭-এর সবচেয়ে বড় সুবিধা হলো এর মূল্য, যা মাত্র ২৫ থেকে ৩০ মিলিয়ন ডলার। অন্যদিকে, রাফালের দাম ৯ কোটি ডলারেরও বেশি। পাকিস্তানের দাবি, গত মে মাসে ভারতের সাথে সংঘাতে এই বিমান রাফালের বিপক্ষে কার্যকর ভূমিকা রেখেছে এবং ২০১৯ সালে ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটকে রাখতে এটি সফল হয়েছিল।
বাস্তব যুদ্ধে অভিজ্ঞতা অর্জন এবং সাশ্রয়ী দামের কারণে বিশ্ববাজারে জেএফ-১৭-এর চাহিদা বাড়ছে। ২০১৫ সালে মিয়ানমার প্রথম এই বিমান কিনে, এরপর ২০২১ সালে নাইজেরিয়া এবং সর্বশেষ ২০২৪ সালে আজারবাইজান ১৬টি বিমান কেনার চুক্তি করেছে। সমীক্ষামতে, পশ্চিমা বিমানগুলোর তুলনায় জেএফ-১৭ মাঝারি ও নিচু উচ্চতায় দ্রুত চলাচল করতে সক্ষম এবং এর রক্ষণাবেক্ষণ খরচও তুলনামূলকভাবে কম। যুদ্ধক্ষেত্রে এর সফলতা এবং অর্থনৈতিক সাশ্রয়ের কারণে আগামী দিনে আরও অনেক দেশ এই বিমান কেনার জন্য লাইনে আসতে পারে।

