গাজায় শান্তি ফিরিয়ে আনতে নতুন বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৪:৪৭ পিএম
গাজায় শান্তি ফিরিয়ে আনতে নতুন বোর্ড গঠনের ঘোষণা দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বোর্ড অব পিস’ বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের যেকোনো সময় ও স্থানে গঠিত বোর্ডগুলোর মধ্যে এটি হবে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ। তবে এই বোর্ডের সদস্যদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার দায়িত্বে থাকা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার বা ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে’ সমর্থন দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছিলেন, ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ঘোষিত এই পরিকল্পনায় যুদ্ধবিরতি, জিম্মি বিনিময় এবং হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পায়।

হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, মিসর, তুরস্ক ও কাতারের সহযোগিতায় একটি বড় ধরনের চুক্তি হবে। এতে হামাসকে তাদের সব অস্ত্র সমর্পণ করতে হবে এবং সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। হামাসের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনটিকে অবিলম্বে ইসরায়েলের কাছে সর্বশেষ জিম্মির মরদেহ হস্তান্তর করতে হবে এবং কোনো দেরি না করে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের পথে এগিয়ে যেতে হবে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, সহজ পথে না এলে হামাসকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি মনে করেন, গাজার মানুষ অনেক কষ্ট ভোগ করেছে, এখন তাদের জন্য শান্তি প্রতিষ্ঠা করা সময়ের দাবি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...