টপ গানের আইকনিক যুদ্ধবিমান এফ-১৪ এখন শুধু ইরানের দখলে

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৪:১৮ পিএম
টপ গানের আইকনিক যুদ্ধবিমান এফ-১৪ এখন শুধু ইরানের দখলে

বিশ্ববিখ্যাত ‘টপ গান’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৪ টমক্যাট বর্তমানে পৃথিবীর একমাত্র দেশ হিসেবে শুধুমাত্র ইরানের বিমান বাহিনীতেই দেখা যায়। গ্রুমম্যান এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি এই সুপারসনিক জেটটি একসময় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান শক্তি ছিল। ১৯৭০-এর দশকে ইরান যখন আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল, তখন তৎকালীন শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে বন্ধুত্বের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্র তাদের ৭৯টি এফ-১৪ যুদ্ধবিমান সরবরাহ করেছিল।

১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে আমেরিকা ইরানের ওপর কঠোর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই যুদ্ধবিমানগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে দীর্ঘ দশক ধরে ইরানকে এই মূল্যবান বহর সচল রাখতে হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে তারা ‘ক্যানিবলাইজেশন’ পদ্ধতি অবলম্বন করেছে, যেখানে একটি বিমানের অংশ খুলে অন্য বিমানে লাগিয়ে কোনোমতে বহরটি সক্রিয় রাখা হচ্ছে। এছাড়া রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে স্থানীয়ভাবে যন্ত্রাংশ তৈরির চেষ্টা করলেও তারা সীমিত সাফল্যই পেয়েছে।

বর্তমানে ইরানের কাছে ঠিক কতগুলো এফ-১৪ বিমান কার্যকর অবস্থায় আছে তা নিশ্চিত হওয়া না গেলেও বিশেষজ্ঞদের মতে এগুলো এখন তাদের পূর্বের শক্তির ছায়ামাত্র। এর শক্তিশালী রাডার এবং এআইএম-৫৪ ফিনিক্স মিসাইল বহনের ক্ষমতার কারণে এটি একসময় আকাশযুদ্ধে ব্যাপক সফলতা দেখিয়েছিল, যার উদাহরণ ১৯৮৯ সালের ৪ জানুয়ারি লিবিয়ার দুটি মিগ-২৩ বিমান ভূপাতিত করার ঘটনা। তবে এখন পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বাহিনীর জন্য এই পুরনো বিমানগুলো আর কোনো বড় হুমকি নয়। বিকল্প ব্যবস্থার অভাব ও রাজনৈতিক কারণে ইরান আজও এই ঐতিহাসিক যুদ্ধবিমানটি বাতিল করতে পারেনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...