জাতিসংঘে ইরান নিয়ে তীব্র বিতর্ক, মার্কিন নিষেধাজ্ঞায় উত্তপ্ত পরিস্থিতি

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ১১:০০ এএম
জাতিসংঘে ইরান নিয়ে তীব্র বিতর্ক, মার্কিন নিষেধাজ্ঞায় উত্তপ্ত পরিস্থিতি

ইরানের ভেতরে চলমান রক্তক্ষয়ী বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির মুখে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নিউইয়র্কে এই বৈঠকে ইরান ও আমেরিকার কর্মকর্তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা লক্ষ্য করা যায়। এই পরিস্থিতিতে বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে ইরানের শীর্ষ কর্মকর্তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

বৈঠকে জাতিসংঘে ইরানের উপ-স্থায়ী প্রতিনিধি গোলাম হোসেন দারজি ওয়াশিংটনের বিরুদ্ধে দেশে অস্থিরতা তৈরির অভিযোগ এনেছেন। তিনি জানান, ইরান যুদ্ধ চায় না কিন্তু জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যেকোনো আগ্রাসনের আইনি জবাব দিতে প্রস্তুত তারা। অন্যদিকে, মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ ইরানের বিক্ষোভ দমন নীতির সমালোচনা করে বলেছেন, ইন্টারনেট বন্ধ থাকায় নিহতের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না এবং বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র বলা সরকারের জনবিচ্ছিন্নতার প্রমাণ।

জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবি পরিষদকে জানান, গত ২৮ ডিসেম্বর তেহরানে অর্থনৈতিক সংকটের কারণে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এতে প্রচুর প্রাণহানির পাশাপাশি প্রায় ১৮ হাজার মানুষকে আটক করা হয়েছে। পোবি স্বাধীন তদন্ত এবং আটকদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানালেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিক্ষোভকারীদের ফাঁসির অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানিসহ শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...