গাজায় বোমা হামলায় ১০ ফিলিস্তিনির মৃত্যু, চুক্তির মাঝেই উত্তেজনা

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৯:৫৮ এএম
গাজায় বোমা হামলায় ১০ ফিলিস্তিনির মৃত্যু, চুক্তির মাঝেই উত্তেজনা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন দফা আগ্রাসনে অন্তত ১০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গাজার বিভিন্ন স্থানে এই হামলা পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের ঘোষণার মাধ্যমে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অগ্রগতির খবর আসার পরপরই এই হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার বাহিনী এই অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেইর আল-বালাহ শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় আল-হাওলি ও আল-জারু পরিবারের দুটি বাসভবন লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমানবাহিনী। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন, যাদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহতদের মধ্যে মুহাম্মদ আল-হাওলি নামে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের একজন কমান্ডার ছিলেন।

গাজার অন্যান্য অঞ্চলেও পৃথক ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। রাফাহর আল-আলাম রাউন্ডঅ্যাবাউট এলাকায় গুলিতে একজন নিহত হয়েছেন। গাজা সিটির আল-নাবলুসি জংশনে পুলিশ চৌকিতে হামলায় একজন এবং নুসেইরাত শরণার্থী শিবিরে আল-খতিব পরিবারের বাড়িতে বিমান হামলায় আরও দুইজন মারা যান। এদিকে, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি প্রশাসন গঠনের কথা থাকলেও সংঘাত আবার উত্তপ্ত হওয়ার ঝুঁকি এখনও রয়ে গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...