ওয়াশিংটনের চাপে নড়বে না মস্কো, অব্যাহত থাকবে তেহরানের সাথে সম্পর্ক

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৪:৩০ এএম
ওয়াশিংটনের চাপে নড়বে না মস্কো, অব্যাহত থাকবে তেহরানের সাথে সম্পর্ক

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থায়ী রাখলে যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি উপেক্ষা করেছে রাশিয়া। গত ১৪ জানুয়ারি বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটনের কোনো ধরনের চাপ বা ‘ব্ল্যাকমেইল’ তাদের ইরানের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। তিনি বলেন, কোনো তৃতীয় পক্ষ ইরানের সাথে তাদের মৌলিক সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে সক্ষম হবে না।

লাভরভ জানান, আন্তর্জাতিক চুক্তির ওপর ভিত্তি করে রাশিয়া ও ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত, যা উভয় দেশ ও তাদের নাগরিকদের স্বার্থেই কাজ করছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোরের মতো অবকাঠামো প্রকল্পগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, বাস্তবসম্মত এই অংশীদারিত্বের ওপর বাহ্যিক কোনো হুমকি কার্যকর হবে না। রাশিয়া অন্য কোনো দেশের বক্তব্য বা হুমকি নিয়ে বিচলিত নয় বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির তীব্র সমালোচনা করে এই রাশিয়ান মন্ত্রী বলেন, বিশ্বায়ন ও আন্তর্জাতিক নিয়মের কথা যারা সবসময় প্রচার করত, তারাই আজ সেই নিয়ম লঙ্ঘন করছে। নিজেদের প্রয়োজনে যুক্তরাষ্ট্র যেভাবে নীতির বিসর্জন দিচ্ছে, তাতে প্রমাণ হয় মার্কিন অংশীদাররা অত্যন্ত অনির্ভরযোগ্য। তবে ওয়াশিংটনের এই সব চাপ প্রয়োগ করলেও তাদের ইরানের সাথে স্থাপিত কৌশলগত অবস্থান থেকে এক চুলও সরতে হবে না বলে জোর দিয়ে বলেন সের্গেই লাভরভ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...