বিজ্ঞাপন

আমেরিকার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করবে রাশিয়া

প্রাইম বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬ ৩:৫৫ এএম
আমেরিকার হুমকি উপেক্ষা করে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করবে রাশিয়া

ইরানে চলমান বিক্ষোভের জেরে দেশটির সাথে বাণিজ্য চালিয়ে যাওয়া রাষ্ট্রগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে বুধবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ওয়াশিংটনের এই ধরনের চাপ বা ব্ল্যাকমেইলিং তাদের ইরানের সাথে কৌশলগত সম্পর্ক থেকে সরাতে পারবে না। তিনি স্পষ্ট করে বলেন, কোনো তৃতীয় পক্ষই তাদের মৌলিক ও কৌশলগত সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে সক্ষম হবে না।

লাভরভ বলেন, নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত রাশিয়া-ইরান সম্পর্ক উভয় রাষ্ট্র ও তাদের জনগণের স্বার্থে কাজ করে। দুই দেশের গভীর সহযোগিতার উদাহরণ হিসেবে তিনি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোরের মতো অবকাঠামোগত প্রকল্পগুলোর কথা উল্লেখ করেন। রাশিয়ার এই মন্ত্রী জানান, বাস্তবসম্মত এই প্রকল্পগুলোতে অংশীদারিত্বে বাইরের কোনো চাপ বা হুমকি ফাটল ধরাতে পারবে না এবং এ নিয়ে মস্কো বিচলিত নয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে সের্গেই লাভরভ বলেন, আন্তর্জাতিক নিয়ম ও বিশ্বায়নের যে প্রচার ওয়াশিংটন নিজেরাই করেছিল, বর্তমানে তারা নিজেরাই তা লঙ্ঘন করছে। নিজেদের নীতি বিসর্জন দেয়ার মাধ্যমে আমেরিকা প্রমাণ করেছে যে তারা অত্যন্ত অনির্ভরযোগ্য অংশীদার। তবে ওয়াশিংটনের কোনো ধরনের ব্ল্যাকমেইলই রাশিয়াকে তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না বলে তিনি জানান।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...