গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা, ট্রাম্পের দাবির জবাবে কঠোর বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার মধ্যেই আর্কটিক অঞ্চলে ইউরোপীয় সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও সুইডেন তাদের সেনা সদস্যদের দ্বীপটিতে পাঠাতে শুরু করেছে। খবরে প্রকাশ, ফ্রান্স ইতিমধ্যে ১৫ জন এবং জার্মানি ১৩ জন সেনা সদস্য সেখানে মোতায়েন করেছে। ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি শক্ত রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর অংশ হওয়ায় এর নিরাপত্তায় ইউরোপের বিশেষ দায়িত্ব রয়েছে। তিনি বলেছেন, প্রাথমিকভাবে পাঠানো বাহিনীকে শিগগিরই স্থল, আকাশ ও নৌবাহিনী দিয়ে শক্তিশালী করা হবে। অন্যদিকে, ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, আলোচনা গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়ে গেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দেশটি দখলের ইচ্ছা স্পষ্ট।
গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোটজফেল্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার আহ্বান জানালেও স্পষ্ট করে বলেছেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানায় যেতে চান না। আর্কটিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ মোকাবিলায় একটি যৌথ কার্যকরী গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড প্রয়োজন এবং ডেনমার্ক রাশিয়া বা চীনের হাত থেকে এটি রক্ষা করতে পারবে না। যদিও তিনি সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি, তবে আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করেছেন।

