ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যে অটল রাশিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। গত বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটনের কোনো ধরনের চাপ বা ব্ল্যাকমেইলিং তাদের মৌলিক ও কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, ইরানের সাথে যারা বাণিজ্য চালিয়ে যাবে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
লাভরভ জানান, দুই দেশের মধ্যে চুক্তির ভিত্তিতে এই সম্পর্ক প্রতিষ্ঠিত এবং এটি উভয় রাষ্ট্রের জনগণের স্বার্থেই গড়ে উঠেছে। তিনি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহণ করিডোরের মতো বাস্তবসম্মত প্রকল্পগুলোর কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন। রুশ পররাষ্ট্রমন্ত্রীর মতে, এই মৌলিক সম্পর্কের ওপর কোনো তৃতীয় পক্ষের চাপে ফাটল ধরানো সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, অন্য কোনো দেশ কী বলছে বা হুমকি দিচ্ছে তা নিয়ে মস্কো ভ্রুক্ষেপ করবে না।
এছাড়া ওয়াশিংটনের পররাষ্ট্র নীতিরও তীব্র সমালোচনা করেন সের্গেই লাভরভ। তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক আইন ও বিশ্বায়নের যে নীতি যুক্তরাষ্ট্র নিজেরা প্রচার করত, তারাই এখন সেগুলো লঙ্ঘন করছে। এমন পরিস্থিতিতে আমেরিকান পক্ষ কতটা অনির্ভরযোগ্য তা প্রমাণিত হয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে নিজেদের স্বার্থে ইরানের সাথে সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট হয়েছে।

