বিল সই অনুষ্ঠানে ৬ দিনের দুধ, সাংবাদিকদের খেতে বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি বিল সই অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় সময় বুধবার বিকালে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তার কার্যকরী ডেস্কে রাখা একটি দুধের বোতল। শিশুদের স্বাস্থ্যের জন্য পুরো দুধ সরবরাহ নিশ্চিত করতে ‘হোল মিল্ক ফর হেলদি কিডস অ্যাক্ট’ নামক বিলে স্বাক্ষর করার সময় এই বোতলটি সবার নজর কাড়ে।
রেজোলিউট ডেস্কে থাকা একটি বড় দুধের বোতলের দিকে ইঙ্গিত করে ট্রাম্প জানান, এটি গত পাঁচ থেকে ছয় দিন ধরে সেখানেই পড়ে আছে। এমন অদ্ভুত কথা শুনে ওভাল অফিসে উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। প্রেসিডেন্ট বলেন, আমাদের এখানে কিছু দুধ আছে, যা গত পাঁচ দিন ধরে এখানে রাখা। এরপর তিনি রসিকতা করে বলেন, এটি একেবারে আসল বোতল। এটি এনেছি যাতে সংবাদমাধ্যমের কর্মীরা কিছুটা খেতে পারেন এবং সরাসরি এই পাত্র থেকেই চুমুক দিতে পারেন।
ছোটবেলার স্মৃতিচারণ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগের দিনে আমরা বাচ্চা থাকার সময় সবাই কি এক বোতল থেকে ভাগ করে পান করতাম না? বর্তমানে আমরা সাধারণত তা করি না। তবে তিনি বলেন, আপনারা যদি সামনের মানুষটিকে বিশ্বাস করেন তবে নির্দ্বিধায় পান করতে পারেন। তিনি বলেন, এটি আপনাদের জন্যই ঠিক আছে। এটি ‘সেমিফ্রেশ’ বা আধা-তাজা—মাত্র ৫ থেকে ৬ দিনের পুরোনো। উল্লেখ্য, ২০২৫ সালের শেষের দিকে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে এই বিলটি পাস হয়। স্বাক্ষর অনুষ্ঠানে কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য এবং দুগ্ধ শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

