ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট, স্টারলিংকের মাধ্যমে বিশ্বের সাথে যোগাযোগ
ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন দমনে গত ৮ জানুয়ারি থেকে সারাদেশে তীব্র ইন্টারনেট ব্ল্যাকআউট চালু করা হয়েছে। এই ডিজিটাল অন্ধকারের মধ্যে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ বহিবিশ্বের সাথে যোগাযোগের একমাত্র জানালা হিসেবে কাজ করছে। স্পেসএক্স বর্তমানে ইরানি ব্যবহারকারীদের জন্য এই সেবা বিনামূল্যে সক্রিয় করেছে, যার মাধ্যমে বিক্ষোভের ছবি ও ভিডিও বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষ।
প্রথাগত কেবল বা টাওয়ার ছাড়াই মহাকাশ থেকে সরাসরি সংকেত পাঠানোর মাধ্যমে এই প্রযুক্তি কাজ করে, যা ইরানের সরকারি গেটওয়ে বাইপাস করতে সক্ষম। গত দুই বছরে প্রায় ৫০ হাজার থেকে এক লাখ টার্মিনাল গোপনে দেশটিতে পাচার হয়েছে। তবে এই সংযোগ বিচ্ছিন্ন করতে ইরান সরকার রাশিয়া ও চীন থেকে আনা সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করছে। বিশেষজ্ঞ আমির রাশিদি জানিয়েছেন, জ্যামিংয়ের কারণে তেহরানের মতো শহরগুলোতে স্টারলিংকের ডেটা প্যাকেট লস ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত হয়েছে।
ইরানি আইনে এখন স্টারলিংক ব্যবহারকে ‘ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি’র অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ড্রোন ব্যবহার করে আবাসিক এলাকার ছাদে টার্মিনাল খুঁজে বের করা হচ্ছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের সাথে আলোচনা করে ইরানিদের জন্য অবিরাম ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর বিরুদ্ধে ইরান জাতিসংঘের টেলিযোগাযোগ ইউনিয়নে অভিযোগ দায়ের করে জানিয়েছে, এটি তাদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন।

