বিজ্ঞাপন

ইরানের ব্ল্যাকআউট ভাঙছে স্টারলিংকের স্যাটেলাইট

প্রাইম বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ৫:৪১ এএম
ইরানের ব্ল্যাকআউট ভাঙছে স্টারলিংকের স্যাটেলাইট

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে গত ৮ জানুয়ারি থেকে সারাদেশে কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করা হয়েছে। এই ডিজিটাল অবরোধের মাঝে বহিবিশ্বের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে কাজ করছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’। স্পেসএক্স বর্তমানে ইরানি ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে এই সেবা সক্রিয় করেছে, যা সরকারের তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।

প্রচলিত ইন্টারনেট ব্যবস্থার মতো মাটির নিচের ক্যাবল বা টাওয়ারের ওপর নির্ভর না করে, ৫৫০ কিলোমিটার উচ্চতায় ঘূর্ণায়মান স্যাটেলাইট থেকে সরাসরি সংকেত পাঠায় এই প্রযুক্তি। ইরানে স্টারলিংক ব্যবহার অবৈধ হলেও গত দুই বছরে প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ টার্মিনাল গোপনে পাচার করা হয়েছে। এই ছোট ডিভাইসগুলোর মাধ্যমেই বিক্ষোভকারীরা সরকারি নজরদারি এড়িয়ে তাদের আন্দোলনের ভিডিও ও ছবি বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছেন।

বিজ্ঞাপন

যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইরান সরকার রাশিয়া ও চীন থেকে আনা সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করছে এবং ড্রোনের সাহায্যে ছাদে টার্মিনাল অনুসন্ধান করা হচ্ছে। বিশেষজ্ঞ আমির রাশিদি জানিয়েছেন, তেহরানের মতো বড় শহরগুলোতে স্টারলিংকের ৩০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ডেটা লস হচ্ছে। দেশটিতে স্টারলিংক ব্যবহারকে গুপ্তচরবৃত্তির সমতুল্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যার শাস্তি ১০ বছরের কারাদণ্ড বা এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের সাথে এ বিষয়ে আলোচনা করে ইরানিদের জন্য অবাধ ইন্টারনেট নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর বিপরীতে ইরান এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে দাবি করে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে। প্রযুক্তি ও রাজনীতির এই টানাপোড়েনে ইরানে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ কতটা কঠিন হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...