সেলিম খানের জরুরি অস্ত্রোপচার, বলিউড বাদশার সফলতায় তার অবদান
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানকে। গত ১৭ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সী এই তারকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ডা. জলিল ডি পার্কার জানিয়েছেন, মস্তিষ্কের অভ্যন্তরে অল্প রক্তক্ষরণ হওয়ায় একটি ক্ষুদ্র অস্ত্রোপচার করতে হয়েছে। অপারেশন সফল হলেও বয়সের কারণে তাকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তারা।
সেলিম খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন বলিউড তারকা থেকে শুরু করে সাধারণ ভক্তরা। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বলিউড বাদশা শাহরুখ খানের একটি পুরনো সাক্ষাৎকার। ২০১৮ সালে দেওয়া ওই সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন, মুম্বাইয়ে এসে যখন তিনি কাউকেই চিনতেন না, তখন সালমান খানের পরিবার তাকে আপন করে নেয়। তিনি বলেছিলেন, সেলিম খান সবসময় তার পাশে দাঁড়িয়েছেন এবং তার সমর্থনের কারণেই আজ তিনি এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন।
একাধিক তারকার সাক্ষাৎকার থেকে জানা যায়, সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর দরজা সবসময় সবার জন্য উন্মুক্ত থাকত। পরিচিত বা অপরিচিত কাউকেই ফিরিয়ে দিতেন না সেলিম খান। টেলিভিশন থেকে শুরু করে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা শাহরুখের এই সাফল্যের নেপথ্যে সেলিম খানের ভূমিকা স্মরণ করে নতুন করে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।

