চলচ্চিত্রের হারানো গৌরব ফেরাতে নতুন সরকারের কাছে যা চাইলেন শাকিব খান

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২২ এএম
চলচ্চিত্রের হারানো গৌরব ফেরাতে নতুন সরকারের কাছে যা চাইলেন শাকিব খান

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে নবনির্বাচিত সরকারের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। দেশের চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে সরকারি অনুদান প্রদান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারকার্যে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এই মেগাস্টার। একই সঙ্গে সারাদেশে আধুনিক ও মানসম্মত প্রেক্ষাগৃহ নির্মাণের ওপরও জোর দেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচার প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের কথা উল্লেখ করে শাকিব খান বলেন, এই পুরস্কার মূল্যায়নে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বন্ধে কঠোর নীতিমালা প্রণয়ন করা জরুরি। তিনি বলেন, বিচারকার্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং বাইরের কোনো হস্তক্ষেপ যেন না ঘটে, সেদিকে লক্ষ রাখতে হবে। এছাড়া সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাইয়ে পক্ষপাতিত্ব দূর করতে অনলাইন স্কোরিং পদ্ধতি ও পাবলিক রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রকৃত মেধাবীদের উৎসাহিত করার পরামর্শ দেন তিনি।

প্রেক্ষাগৃহের সংকট নিয়েও কথা বলেন এই শীর্ষ নায়ক। দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। বন্ধ হয়ে যাওয়া বা জরাজীর্ণ হলগুলো সংস্কারে স্বল্প সুদে ঋণ প্রদান এবং নতুন প্রেক্ষাগৃহ নির্মাণে ভ্যাট ও করে ছাড় দেওয়ার আহ্বান জানান। তিনি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আধুনিক মাল্টিপ্লেক্স এবং জেলা পর্যায়ে ডিজিটাল মিনি প্রেক্ষাগৃহ স্থাপনের পরামর্শ দেন। শাকিব খান মনে করেন, দর্শকদের সুন্দর পরিবেশ ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে পারলেই ঢালিউড আবার তার হারানো জৌলুস ফিরে পাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...