বিয়ের গুঞ্জনে ফুটছে বিজয়ের বাড়ি, আমন্ত্রণপত্র ভাইরাল
দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোণ্ডার বিয়ে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। দীর্ঘদিন ধরে এই জুটির প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা গেলেও এবার সব জল্পনায় ইতি পড়তে যাচ্ছে। তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই দম্পতি।
বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিজয়ের হায়দরাবাদের বাসভবনের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল ওই বাড়িটি বিশাল আলোকসজ্জা ও ফেয়ারি লাইট দিয়ে সাজানো হয়েছে। বাড়ির ভেতরে কর্মীরা তাঁবু টানানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত রয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আমন্ত্রণপত্রও প্রকাশ পেয়েছিল, যা তাদের বিয়ের তারিখ ও স্থান নিশ্চিত করে।
কথিত ওই আমন্ত্রণপত্র অনুযায়ী, আগামী ৪ মার্চ সন্ধ্যা ৭টায় হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিনেতা বা অভিনেত্রী কেউই সরাসরি মুখ খোলেননি, তবে বাড়ির সাজসজ্জা ও ভাইরাল হওয়া তথ্য ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে।

