সাড়ে ১২ লাখ টাকা আত্মসাৎ: নায়িকা নিঝুম-স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা রুবিনা আক্তার ওরফে নিঝুম, তার স্বামী মামুনুর রশীদ রাহূলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালত এই আদেশ দেয়। একই সঙ্গে অভিনেত্রীর দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবিকেও গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে দাখিল করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২০২০ সালের ১ অক্টোবর ভুক্তভোগী সুরভী বেগমের কাছ থেকে দুই মাসের মধ্যে পরিশোধের শর্তে সাড়ে ১২ লাখ টাকা ধার নেন রুবিনা ও তার স্বামী রাহূল। ওই চুক্তি অনুযায়ী, রাহূল কোনো কারণে টাকা ফেরত দিতে না পারলে বা মারা গেলে তার ভাই নান্নু মিঞা ওই টাকা পরিশোধ করবেন বলে জামিনদার হন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় গত বছরের ১ মে বাদী তাদের কাছে টাকা চান।
টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করে অভিযুক্তরা বাদীকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে গত বছরের ২২ সেপ্টেম্বর সুরভী বেগম রামপুরার বনশ্রীতে অভিযুক্তদের বাসায় গিয়ে টাকা দাবি করলে তাকে হুমকি দেওয়া হয়। এরপর তিনি রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

