গলাচিপায় অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গলাচিপায় অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গলাচিপায় অনলাইন জুয়ার ভয়াবহতা, এর সামাজিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোহাম্মদ ইজাজুল হক-এর সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে অনলাইন জুয়ার বিস্তার, তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাব এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবির, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা আহ্বায়ক হাফিজুর রহমান, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম, জেলা যুব অধিকার পরিষদ পটুয়াখালীর সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, প্রেসক্লাব গলাচিপার সভাপতি খালিদ হাসান মিল্টন, চ্যানেল ৭১-এর সাংবাদিক সাকিব হাসান, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক হারুন অর রশিদ, অ্যাডভোকেট মো. খবির হোসাইন, দৈনিক জনতার গলাচিপা প্রতিনিধি মো. রাকিবুল হাসান, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদ ইসলাম, কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা দলিল উদ্দিন এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির আর্থিক ক্ষতির কারণ নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও একটি বড় হুমকি। তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, “নিজেকে আগে জানতে হবে। নিজের ভেতরে খুঁজে দেখুন—হয়তো একজন জুয়াড়ি, ধর্ষক কিংবা লুটেরা মানসিকতা লুকিয়ে আছে। কিন্তু ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের পথে চললে এসব প্রবণতা দমন করা সম্ভব। তখনই আপনি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন।”
তিনি আরও বলেন, “পরিবর্তন নিজের থেকেই শুরু করতে হবে। এই সেমিনার কক্ষে উপস্থিত আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সৎ ও সচেতন হই, তাহলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।”

ইউএনও আরও জানান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেমিনারে অংশগ্রহণকারীরা অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...