ছিনতাইয়ের অপবাদে যুবককে লাঞ্ছিত করার অভিযোগ: সংবাদ সম্মেলনে বিচার দাবি

কুষ্টিয়ায় মোবাইল ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে মো. সোহাগ মিয়া নামে এক যুবককে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টায় রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর শহরের শিল্পকলা মোড় এলাকায় সাংবাদিকদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লাঞ্ছনার শিকার ওই যুবক পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পশ্চিম বাগদুলী গ্রামের বাসিন্দা মো. মোফাজ্জেল মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ মিয়া জানান, গত ২৫ এপ্রিল তিনি কুষ্টিয়ায় কিছু ওষুধ কিনতে যান। সন্ধ্যার দিকে তার বন্ধু সাকিবের মাধ্যমে পূর্বপরিচিত আকিব ও সিফাত তাকে বিআরবি হাসপাতালের কাছে ডেকে নেয়। সেখানে প্রথমে তাকে আপ্যায়ন করা হয়। পরে আরও কয়েকজনকে সেখানে ডাকা হয়।
তিনি অভিযোগ করেন, উপস্থিত ব্যক্তিরা তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে ৩০০ টাকার স্ট্যাম্পে তার মোটরসাইকেল লিখে দিতে চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হলে তাকে মারধর করা হয় এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়। তখন তাকে মোবাইল ছিনতাইকারী হিসেবে উপস্থাপন করা হয় বলে অভিযোগ করেন তিনি। প্রাণভয়ে তিনি তাদের কাছে ক্ষমা চান। পরে তার মোটরসাইকেল ফেরত দেওয়া হলেও মোবাইল ফোনটি রেখে দেওয়া হয় এবং এ বিষয়ে আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
সোহাগ মিয়া আরও বলেন, পরবর্তীতে তাকে জড়িয়ে একটি ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার মানহানির কারণ হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

