কালুখালীতে বেপরোয়া পিকআপের ধাক্কা, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় মিনি পিকআপ ও ভ্যানগাড়ির সংঘর্ষে মো. মফিজ উদ্দিন মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মফিজ উদ্দিন উপজেলার মৃগী ইউনিয়নের ছোট কলকলিয়া গ্রামের মৃত কুরাল মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন মণ্ডল তার বাড়িতে নেওয়ার জন্য দুটি ছাগল ভ্যানগাড়িতে তুলছিলেন। এ সময় ভ্যানচালক মো. মোতাহার খান (৭০) ছাগল দুটি ভ্যানে বেঁধে দিচ্ছিলেন। ঠিক তখনই রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি অজ্ঞাতনামা মিনি পিকআপ ভ্যানগাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যানগাড়িটি সড়কের নিচে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা মফিজ উদ্দিন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন, পাংশা হাইওয়ে থানা পুলিশ ও কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

