সড়কে শৃঙ্খলায় মাসে ৫৪ হাজার মামলা, বছরে রাজস্ব ১২০ কোটি
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শনকালে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান জানান, মাসে গড়ে ৫০ হাজারেরও বেশি মামলা দেওয়া হচ্ছে এবং প্রতি মাসে প্রায় ১২ কোটি টাকা সরকারি তহবিলে জমা হচ্ছে। চলতি মাসেই ৫৪ হাজার মামলা রেকর্ড করা হয়েছে।
অন-স্পট মামলার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার মাধ্যমেও জরিমানা আদায় করছে পুলিশ। এর ফলে বছর শেষে রাজস্ব বাবদ প্রায় ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেবে বিভাগটি। তিনি জানান, বর্তমানে রাজধানীর ১৬টি পয়েন্টে ৩৭টি এআই ক্যামেরা সচল রয়েছে এবং এগুলোর মাধ্যমে কার্যকর নজরদারি চালানো হচ্ছে।
নজরদারির আওতা আরও বৃদ্ধি করতে নতুন উদ্যোগ নিয়েছে ডিএমপি। ব্যয় সাশ্রয়ী ‘প্লাগ অ্যান্ড প্লে’ পদ্ধতিতে এক হাজার নতুন ক্যামেরা বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এআই ক্যামেরার উচ্চ ব্যয় ও বাজেট সীমাবদ্ধতার কারণে এই পদ্ধতি গ্রহণ করা হয়েছে। ক্যামেরার মাধ্যমে ধারণকৃত ভিডিও পরবর্তীতে যাচাই করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। এরই মধ্যে ৩০০ ফিট সড়কের বিভিন্ন স্থানে এই ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

