কাফরুলের হত্যাকাণ্ড: নগরের অবৈধ অর্থনীতির বহিঃপ্রকাশ বলছে আইপিডি

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৬ ৫:২৫ পিএম
কাফরুলের হত্যাকাণ্ড: নগরের অবৈধ অর্থনীতির বহিঃপ্রকাশ বলছে আইপিডি

রাজধানীর কাফরুলে ময়লার ব্যবসা, ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে ঘটা হত্যাকাণ্ডকে নগরভিত্তিক অবৈধ অর্থনীতি এবং রাজনৈতিক প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, এই ঘটনা নগর ব্যবস্থাপনায় গড়ে ওঠা অবৈধ আর্থিক নেটওয়ার্ক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার এক ভয়াবহ দৃশ্যপট।

আইপিডির পর্যবেক্ষণ অনুযায়ী, ময়লা সংগ্রহ, ফুটপাত, বাজার, পরিবহন, সরকারি জলাশয় ও খাল দখল নিয়ে একটি সমান্তরাল অর্থনীতি তৈরি হয়েছে, যার নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও সংঘাত ও হত্যাকাণ্ড ঘটছে। সংস্থাটি জানায়, নাগরিকরা হোল্ডিং ট্যাক্স দেওয়ার পরও ময়লা সরাতে আলাদা টাকা দিতে বাধ্য হচ্ছেন, যা আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক পদ ব্যবহার করে অবৈধ সম্পদ আহরণের প্রবণতা অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনে নির্বাচিত কাউন্সিলরদের অনুপস্থিতি ও প্রশাসক পদ্ধতির কারণে জবাবদিহিতা দুর্বল হওয়ায় এই চক্রগুলো শক্তিশালী হয়েছে। আইপিডি মনে করে, স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনা কায়দায় পদক্ষেপ নিলে সিটি করপোরেশনই এসব খাত থেকে রাজস্ব আয় করতে পারে এবং মাফিয়া তন্ত্রের দমন সম্ভব হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...