হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে বলছেন ট্রাম্প

প্রাইম বার্তা অনলাইন
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ এএম
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে বলছেন ট্রাম্প

জাতিসংঘের মঞ্চ থেকে ইরানকে ধ্বংসের হুমকি দেওয়ার পাশাপাশি তেহরানের সঙ্গে হওয়া বৈঠককে ‘ফলপ্রসূ’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, ইরানের সঙ্গে বৈঠকটি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই দুই পক্ষের মধ্যে আবারও বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আলোচনায় অংশ নেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৈঠকটিকে ‘খুব ভালো’ বলে অভিহিত করেছেন উইটকফও। তবে আলোচনায় ঠিক কী কী বিষয় উঠে এসেছে, সেসব নিয়ে দুজনের কেউই বিস্তারিত কিছু বলেননি। পরবর্তী বৈঠক কোথায় হবে, সে প্রশ্নেরও জবাব দেননি ট্রাম্প। বিষয়টি জানতে চাইলে হোয়াইট হাউজও নতুন কোনো তথ্য দেয়নি, শুধু প্রেসিডেন্টের বক্তব্যের পুনরাবৃত্তি করেছে।

আলোচনার বিষয়বস্তু স্পষ্ট না করলেও ইরানের সামনে বড় সম্ভাবনা তৈরির সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি দ্বিমুখী বার্তা দিয়েছেন – চুক্তি হলে ইরান আবার গড়ে উঠে আগের চেয়েও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারবে, আর চুক্তি না হলে দেশটি ধ্বংসের মুখে পড়তে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও তিনি এমন হুমকিই দিয়েছিলেন।

এর আগে জাতিসংঘের মঞ্চ থেকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, আগামী নভেম্বরে মার্কিন কংগ্রেস নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তির পথ খুলতে পারে। এসময় তিনি দাবি করেন, ওই নির্বাচনে তার রিপাবলিকান পার্টির ফল কেমন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে ইরান। উত্তেজনা থেকে আলোচনার পথে ফেরার এই চেষ্টা আদৌ কতটা ফল বয়ে আনবে, তা নির্ভর করবে আগামী বৈঠকের ফলাফলের ওপর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...