পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
২১ সেপ্টেম্বর ২০২৬ ৮:০৮ পিএম
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মাদরাসার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। টুনিরহাট-দেবীগঞ্জ জেলা সড়কের পানিডুবি এলাকায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসাটি গড়ে ওঠার পর থেকেই প্রায় ৪৩ বছর ধরে ২৪ শতাংশ জমি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই জমির খাজনাও নিয়মিত পরিশোধ করে আসছে মাদরাসা। ১৯৮৩ সালে অভিযুক্ত ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন এই জমিটি মাদরাসার নামে দানপত্র লিখে দেন। এরপর প্রতিষ্ঠানটি সেই জমিতে সাইকেল গ্যারেজসহ কিছু দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল।

অভিযোগ উঠেছে, গত শনিবার হঠাৎ ময়জউদ্দিন এই জমির প্রায় পাঁচ শতাংশ নিজের বলে দাবি করে সেখানে বালু ফেলতে শুরু করেন। এতে ওই স্থানের কয়েকটি দোকান প্রায় বন্ধ হয়ে যায় এবং একাধিক দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে মাদরাসার পক্ষ থেকে জমি দখলের চেষ্টা বন্ধ ও প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম জানান, দীর্ঘদিন ধরে জমিটি মাদরাসার দখলে থাকলেও গত শনিবার ময়জউদ্দিন হঠাৎ বালু ফেলে দখলের চেষ্টা করেন এবং প্রতিষ্ঠানটির তৈরি দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদেই মানববন্ধন করা হয়েছে বলে তিনি জানান।

মাদরাসা কমিটির সভাপতি ফরহাদ হোসেন অভিযোগ করেন, ময়জউদ্দিন তার ছেলেসহ আরও কয়েকজন মিলে মাদরাসার দোকানগুলো দখলের উদ্দেশ্যে সেখানে বালু ফেলেছেন। জমির অবৈধ দখল প্রতিহত করা, বন্ধ থাকা দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ অভিযোগের জবাবে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, দলের কোনো প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়নি। জমিটি তাদেরই এবং দীর্ঘদিন ধরে এ নিয়ে অভিযোগ দিয়ে আসছেন তিনি। শনিবার নিজেদের জমি দখলে নিয়েছেন বলে তিনি দাবি করেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম জানান, মাদরাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...