সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, ১১ জেলার জেলা প্রশাসকের কার্যালয় এবং অন্যান্য সরকারি অফিসকে সম্পূর্ণ তামাকমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এ আয়োজন করে। বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে বৈঠকে বিভাগের সব জেলার জেলা প্রশাসকসহ বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন।
সভায় জানানো হয়, গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর উপাত্ত অনুযায়ী বাংলাদেশে তিন কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করছেন। একই জরিপ বলছে, প্রায় তিন কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের স্বীকার হচ্ছেন। এর মধ্যে কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ, রেস্টুরেন্টে ৪৯ দশমিক ৭ শতাংশ এবং গণপরিবহনে ৪৪ শতাংশ মানুষ ধোঁয়ার সংস্পর্শে আসছেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, নির্দিষ্ট ধূমপান এলাকা বা ডিজিনেটেড স্মোকিং এরিয়া অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে কার্যকরভাবে রক্ষা করতে পারে না। হৃদরোগ, স্ট্রোক ও ক্যানসারসহ অসংক্রামক রোগের বড় ঝুঁকি তামাক বলে তিনি সরকারি ও বেসরকারি অফিসসহ সব জনসমাগমস্থলে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এতে অধূমপায়ীরা সুরক্ষিত থাকবেন এবং ধূমপান ও ধোঁয়াবিহীন তামাক ত্যাগেও মানুষ উদ্বুদ্ধ হবেন।
সভায় সরকারি দপ্তরগুলোতে তামাকমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় অফিস আদেশ জারি, দৃশ্যমান স্থানে নো স্মোকিং সাইনেজ স্থাপন, তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের ফোকাল ব্যক্তি নির্ধারণ, কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা, অভিযোগ গ্রহণ ও প্রতিকারের ব্যবস্থা এবং নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রস্তুতির সুপারিশ করা হয়। বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী সরকারি কার্যালয়ে কর্মী ও সেবা নিতে আসা জনগণের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, দপ্তরগুলো তামাকমুক্ত হলে তা তামাক নিয়ন্ত্রণে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

