তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের কোলে
পশ্চিমবঙ্গের মালবাজার ব্লকের ১২ নম্বর এলাকায় এক আবেগঘন ঘটনা ঘটেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছিল তিস্তা। সেই উত্তাল জলে তীব্র স্রোতের তোড়ে ভেসে যাচ্ছিল একটি হাতির বাচ্চা। মাছ ধরতে ব্যস্ত পাঁচ জেলে প্রাণহানির ঝুঁকি নিয়ে শাবকটিকে জল থেকে তুলে আনেন। পরে বন দপ্তরের সহায়তায় বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধারের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা যায়, গত সোমবার (২১ সেপ্টেম্বর) বৈকুণ্ঠপুরের জঙ্গলে সরস্বতীপুর চা-বাগান সংলগ্ন অঞ্চল দিয়ে একটি হাতির ঝোপ তিস্তা পার হচ্ছিল। নদী পার হওয়ার সময় দুর্দান্ত স্রোতের কারণে ছোট্ট একটি হাতির বাচ্চা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে ভেসে যেতে থাকে। ঠিক তখনই গাজলডোবা এলাকায় জাল ফেলছিলেন অজয় দাশ, মিঠু দাশ, বিশ্বনাথ দাশ, বাবলু দাশ ও গোপাল দাশ নামের পাঁচ জেলে। জলে খাবি খেতে থাকা শাবকটিকে দেখে তাঁরা দেরি না করে নৌকা নিয়ে এগিয়ে যান এবং তীব্র স্রোতের মধ্যেই তাকে নৌকায় তুলে নিরাপদে ডোবায় নিয়ে আসেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আমবাড়ি, শালুগাড়া, বেলাকোবা, তারগাড়া ও আপালচাঁদ রেঞ্জের বিপুলসংখ্যক বনকর্মী। প্রথমে হাতির বাচ্চাটিকে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে বনকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা ও যত্ন দেন। এরপর বৈকুণ্ঠপুরের জঙ্গলে শুরু হয় মা হাতির খোঁজ। বনকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় মায়ের অবস্থান শনাক্ত করা যায় এবং শাবকটিকে সেখানে নিয়ে যাওয়া হয়।
নিজের সন্তানের দেখা পেয়ে মা হাতি এগিয়ে আসে। শুঁড় দিয়ে তাকে আদর করে, তিস্তার জলে গোসল করিয়ে প্রাণভরে জঙ্গলের গভীরে ফিরে যায় দুই মাতৃ-সন্তান। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের বরাত দিয়ে জানানো হয়েছে, জেলেদের এই সাহসী ও মানবিক উদ্যোগের কারণেই বেঁচে গেছে হাতির বাচ্চাটির প্রাণ।

