সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান

প্রাইম বার্তা অনলাইন
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫ পিএম
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান

চট্টগ্রামের লোহাপাড়ার বড়হাতিয়া গ্রামের প্রবাসী সাকিব হোসেন ‘সিঙ্গাপুর সাইলেন্ট হিরোস ২০২৬’ খেতাবে ভূষিত হয়েছেন। একই সম্মাননার চূড়ান্ত ধাপে জায়গা করে নিয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোপালপুর গ্রামের ছেলে রায়হান সরকার। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) হোটেল শাংরি-লা সিঙ্গাপুরে জাঁকজমকের মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরের আইনমন্ত্রী এডউইন টং।

১৩তম আসরের এই প্রতিযোগিতায় ‘কম্প্যাশনেট ফরেনার’ ক্যাটাগরিতে সেরা হন সাকিব হোসেন। কর্মজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের নিয়ে নানা উদ্যোগ নিয়ে কাজ করে আসছেন। স্বাস্থ্য সচেতনতা, মাদকাসক্তি প্রতিরোধ, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ অগ্রগতির পথনির্দেশনা—সবই তার সহায়তার অংশ। এর বাইরে স্বেচ্ছায় রক্তদান, সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমেও তিনি নিয়মিত সক্রিয়।

অন্যদিকে চূড়ান্ত পর্বে মনোনীত রায়হান সরকার বহু বছর ধরে সিঙ্গাপুরে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত। স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান ও কমিউনিটি অর্গানাইজেশনের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে ২০২৩ সালে তিনি প্রবাসীদের জন্য ‘উই কেয়ার এসজি’ নামে একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গড়ে তোলেন। এই প্ল্যাটফর্মের ব্যানারে তিনি রক্তদান, বয়স্ক ও অসহায় মানুষের বাসা পরিষ্কার-পরিচর্যা, সৈকত পরিচ্ছন্নতার মতো কাজে অংশ নেন। এছাড়া প্রবাসীদের ক্যারিয়ার উন্নয়নে ডাব্লিউপিএলএন বিষয়ে শিক্ষণীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য সচেতনতার সামাজিক কার্যক্রমে যুক্ত থাকেন। বর্তমানে কর্মজীবনের পাশাপাশি যুক্তরাজ্যের রবার্ট গর্ডন ইউনিভার্সিটির স্বাস্থ্য, নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে বিএসসি পড়ছেন তিনি।

পুরস্কার লাভের অনুভূতি প্রকাশ করে সাকিব হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশি হিসেবে সিঙ্গাপুরের বহুজাতিক সাংস্কৃতিক সম্প্রদায়ের মাঝে এই সম্মাননা প্রবাসীসহ সারা বাংলাদেশের মানুষের জন্য বিশেষ সম্মান এনে দেবে। তিনি এই পুরস্কার উৎসর্গ করেন সহকর্মী স্বেচ্ছাসেবক এবং সিঙ্গাপুরে কর্মরত সব অভিবাসী শ্রমিকের উদ্দেশে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং সামাজিক কল্যাণমূলক কাজে আরও অনেককে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...