চট্টগ্রামে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ জন, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার
চট্টগ্রামের আকবরশাহ থানার বিশ্ব কলোনিতে একটি বাসায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গত ২০ জুলাই বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের মধ্যে উর্মিলা আক্তার নামের এক নারীর বাসায় চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে তিনটি নেকলেস, তিনটি চেইন, একটি ব্রেসলেট, দুটি চুড়ি, ছয় জোড়া কানের দুল ও আটটি আংটিসহ মোট প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও ৪ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ২৪ জুলাই আকবরশাহ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলা তদন্তের অংশ হিসেবে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) পাহাড়তলী থানার নেছারিয়া মাদরাসা গলি এলাকায় অভিযান চালায়। এ সময় মাহে আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি নেকলেস, তিনটি চেইন, দুটি চুড়ি, তিন জোড়া কানের দুল ও দুটি আংটিসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, উদ্ধার করা স্বর্ণালংকার আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার ও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

