মিরপুর-১১ মেট্রো স্টেশনে অবৈধ দখল উচ্ছেদ, অর্থদণ্ড আদায়
রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন এলাকা থেকে অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনা অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় স্টেশন সংলগ্ন বেশ কিছু অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং আইন লঙ্ঘনের দায়ে চারটি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এতে এমআরটি পুলিশ, ডিএমপির পল্লবী ও রূপনগর থানার পুলিশ সদস্য, আনসার ব্যাটালিয়ন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা যৌথভাবে অংশ নেন।
অভিযানটি মিরপুর-১১ স্টেশনের গ্রাউন্ড লেভেলের ‘এ’ গেট থেকে শুরু হয়ে ধাপে ধাপে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গেট পর্যন্ত পরিচালিত হয়। এ সময় ওই এলাকায় গড়ে ওঠা ভাসমান দোকান ও বেআইনি স্থাপনা সরিয়ে দেওয়া হয়, যা যাত্রীদের চলাচলে প্রতিবন্ধক সৃষ্টি করছিল। এছাড়া অনিয়মের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে স্টেশন এলাকা দখলমুক্ত করা সম্ভব হয়েছে, ফলে মেট্রোরেলের যাত্রীরা এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

