বিশ্বকাপ বর্জনেও শাস্তি এড়ালো বিসিবি, আইসিসির সঙ্গে নতুন সমঝোতা

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২১ পিএম
বিশ্বকাপ বর্জনেও শাস্তি এড়ালো বিসিবি, আইসিসির সঙ্গে নতুন সমঝোতা

ভারতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরও বড় ধরনের বিপদ এড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এ বিষয়ে কোনো আর্থিক বা প্রশাসনিক শাস্তির ঘোষণা না আসায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বোর্ডের শীর্ষ পর্যায়ে স্বস্তি নেমে এসেছে।

গত ৯ ফেব্রুয়ারি আইসিসি কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, বাংলাদেশের অনুপস্থিতিতে সৃষ্ট আর্থিক ক্ষতি সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হলেও আইসিসি নমনীয় অবস্থানেই থেকেছে। লাহোরে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে যে, ২০৩১ সালে ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘ভারতে বিশ্বকাপে না যাওয়ার পর অনেক ধরনের গুঞ্জন উঠেছিল। তবে কোনো আর্থিক শাস্তি না হওয়ায় আমরা স্বস্তি অনুভব করছি।’ তিনি আরও জানান, আগামী বছর বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে এবং ২০৩১ সালে বেশি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। অপর সহ-সভাপতি শাখাওয়াত হোসেনও মনে করেন, লাহোরের বৈঠকের পর আইসিসির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতি পেয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...