ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান, বাতিল হলো বয়কটের সিদ্ধান্ত

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪ পিএম
ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান, বাতিল হলো বয়কটের সিদ্ধান্ত

প্রায় দশ দিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি, রবিবার শ্রীলঙ্কার কলম্বোতে এই হাই-ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় পাকিস্তান সরকার এবং আইসিসি পৃথক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

টুর্নামেন্টের বাণিজ্যিক স্বার্থ ও অন্যান্য দেশের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মতো বন্ধুপ্রতিম দেশগুলো পাকিস্তানকে ম্যাচ বর্জন না করার পরামর্শ দিয়েছিল। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিসানায়েকের সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানে ভূমিকা রাখেন। ক্রিকেটের চেতনা ও খেলার ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই সরকার দলকে মাঠে নামার নির্দেশ দেয় বলে জানা গেছে।

এদিকে, ক্রিকেটের সার্বিক স্বার্থে পাকিস্তানকে ম্যাচটি খেলার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের এই উদ্যোগের প্রশংসা করে বলেছেন, এই সহযোগিতার ফলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও মজবুত হবে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নাকভি ও পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

আইসিসি জানিয়েছে, সব সদস্য দেশের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে। বিশ্বকাপ সফল করতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। এর ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে আর কোনো বাধা নেই।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...