রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবপাচার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা
মিয়ানমার সীমান্তের ওপার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে নিরাপদ ও টেকসইভাবে ফেরানোর ওপরই জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটিই বর্তমান সংকটের একমাত্র স্থায়ী সমাধান। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন এবং এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং মানবপাচার দমনের বিষয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়াকে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সিদ্ধান্ত বাস্তবায়ন ও গোয়েন্দা তথ্য বিনিময়ের ওপরও জোর দেওয়া হয়।
মানবপাচার রোধে সরকারের সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এই নতুন আইনের প্রশংসা করেন এবং এর কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানে তাদের আগ্রহের কথা জানান।

