বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৫:২০ পিএম
বন্দর ইজারা বাতিলের দাবিতে পদযাত্রা, পুলিশের বাধায় সমাবেশ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে রবিবার সকালে বন্দর অভিমুখে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। আগ্রাবাদের বাদামতলী মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রা বারিক বিল্ডিং এলাকায় পুলিশি বাধার মুখে পৌঁছালে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র আখ্যা দিয়ে বলেন, বন্দরের স্থাপনা ইজারা দেওয়া হলে জাতীয় নিরাপত্তা ও সাধারণ শ্রমিকদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন তপন দত্ত, কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ ম জামাল উদ্দিন, দীপা মজুমদার, ইফতেখার কামাল খান ও তসলিম হোসেন সেলিমসহ বিভিন্ন শ্রমিক নেতারা। তারা বন্দরের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করার দাবি জানান।

সমাবেশ থেকে আগামী ১৫ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই হলে ‘বন্দর রক্ষা নাগরিক কনভেনশন’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। প্রকৌশলী দেলোয়ার মজুমদার জানান, শ্রমিক, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। এর আগে স্লোগান মুখর পদযাত্রাটি বারিক বিল্ডিং মোড়ে পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে আয়োজকরা সেখানেই সমাবেশ করে কর্মসূচি সমাপ্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...