৫ আগস্ট ঘিরে নাশকতার সামর্থ্য নেই আওয়ামী লীগের, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৪:৫৬ পিএম
৫ আগস্ট ঘিরে নাশকতার সামর্থ্য নেই আওয়ামী লীগের, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামী ৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঘটাতে পারবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই দলটি এখন নিষিদ্ধ এবং বিদেশ থেকে ইঙ্গিত ছাড়া তাদের আর কোনো ক্ষমতা নেই। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হতে যাওয়া ৫ আগস্ট নিয়ে আওয়ামী লীগের আগামী কর্মকাণ্ড সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, সাবেক এই শাসকদলটির আর রাজনৈতিক শক্তি বা মুরোদ অবশিষ্ট নেই। তারা এখন মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে। তবে মাঝেমধ্যে বিদেশ থেকে তাদের কিছু উঁকিঝুঁকি বা তৎপরতা লক্ষ্য করা গেলেও তা সার্থক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান নিয়ে কোনো গোয়েন্দা তথ্য রয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, এটা কোনো বিশেষ সতর্কতা নয়, বরং পুলিশের নিয়মিত কার্যপ্রণালীর অংশ। টহল দলের সদস্যদের একসঙ্গে চা বিরতিতে যেতে নিষেধ বা গাড়ি ফাঁকা না রাখার নির্দেশ নিত্যপ্রথা হিসেবে চালু আছে। সব জায়গায় সতর্ক দৃষ্টি রাখা তাদের কর্তব্য।

এ সময় আগামীকাল (মঙ্গলবার) কৃষিবিদ ইনস্টিটিউশনে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য দলের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানান তিনি। নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও এনসিপি সমাবেশে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি যথাক্রমে নির্বাচন কমিশনে যোগাযোগ করতে এবং তদন্ত শেষে জানানোর কথা বলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...