দশ বছর ধরে কেমিক্যাল ফ্যাক্টরির আড়ালে চলছিল ইয়াবা কারখানা
রাজধানীর কেরানীগঞ্জ ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এ সময় ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি কাঁচামাল এবং ৩১ হাজার ২৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর এই এলিট ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন ইয়াবা ব্যবসায়ী ফয়সাল ইসলাম মিঠু (৪২) এবং কারখানার মালিক ও প্রস্তুতকারক কেমিস্ট নাছির (৪৫)। র্যাব জানিয়েছে, নাছির প্রায় এক দশক ধরে চট্টগ্রাম থেকে কাঁচামাল সংগ্রহ করে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই সরাসরি ইয়াবা তৈরির কাজ তদারকি করতেন এবং দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন।
সোমবার (৩ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিস্তারিত জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ আগস্ট) মোহাম্মদপুরের বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে ইয়াবা পাচারের সময় মিঠুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা এবং কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বাকি মালামাল উদ্ধার এবং কেমিস্ট নাছিরকে গ্রেফতার করা হয়।

