স্থানীয় সরকার নির্বাচন: সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষায় ইসি

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৪:৩০ পিএম
স্থানীয় সরকার নির্বাচন: সুস্পষ্ট নির্দেশনার অপেক্ষায় ইসি

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, নির্দেশনা না থাকায় আগামী ৩১ জুলাই পর্যন্ত নির্ধারিত ভোটার হওয়ার সময়সীমা বাড়তে পারে বা আগের মতোই থাকতে পারে।

আইন সংশোধন প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা, দ্বৈত নাগরিকত্ব এবং ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ইসি ইতোমধ্যে কিছু প্রস্তাব তৈরি করেছে। বিদেশে থাকা দুই নির্বাচন কমিশনার দেশে ফিরলে এই সুপারিশগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। এছাড়া নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আচরণবিধি প্রণয়ন, সরঞ্জাম যাচাই এবং প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে চলেছে বলেও জানান তিনি।

নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণা থেকে ভোটগ্রহণ পর্যন্ত অন্তত ৪৫ দিন এবং ভোটার তালিকা প্রিন্ট করতে দেড় মাস সময় লাগে। সব মিলিয়ে প্রায় তিন মাসের প্রস্তুতি প্রয়োজন। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। এদিকে, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব বিষয়ে তিনি জানান, ৫৮টি দলের মধ্যে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি দল হিসাব জমা দিয়েছে। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করলেও ৮টি দল কোনো সাড়া দেয়নি, যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...