রাজধানীতে বারবার বোমা হুমকি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ মন্ত্রীর
ঢাকার বিভিন্ন এলাকা থেকে অল্প সময়ের ব্যবধানে একাধিক বোমা ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত ৯ দিনের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে এমন তিনটি ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার ধারাবাহিকতায় সর্বশেষ গত শনিবার (১ আগস্ট) সকালে মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে সন্দেহজনক বস্তু পাওয়া যায়। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো পরীক্ষা করে নিশ্চিত হয় যে সেগুলো বিস্ফোরক নয়। এর আগে গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বোমা উদ্ধার করা হয়। এরপর ৩০ জুলাই রাতে আশুলিয়ার একটি চায়ের দোকানের ব্যাগের ভেতর থেকে প্রেসার কুকারে তৈরি আইইডি বোমা উদ্ধার করে পুলিশ।
এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী সিফাতুল ইসলাম বলেন, বোমা আতঙ্ক স্বাভাবিক প্রতিক্রিয়া হলেও গুজব ছড়ানো উচিত নয়। তিনি সাধারণ মানুষকে পরিত্যক্ত বস্তু দেখলেই তা বোমা বলে প্রচার না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দেন। তার মতে, আইনশৃঙ্খলা বাহিনী নাশকতা মোকাবেলায় সক্ষম, তাই আতঙ্কের চেয়ে সচেতনতাই এখন সবচেয়ে বড় হাতিয়ার।

