বৃষ্টিতে রাস্তা ভাঙা রোধে মালয়েশিয়ার সহায়তায় রাবারাইজড বিটুমিন
বর্ষা মৌসুমে দেশের সড়ক ব্যবস্থার স্থায়িত্ব নিশ্চিত করতে পর্যায়ক্রমে ২০ শতাংশ রাস্তায় রাবারাইজড বিটুমিন বা পলিমার মডিফাইড বিটুমিন ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রযুক্তি বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশে বৃষ্টির কারণে রাস্তা দ্রুত ক্ষয়ে যাওয়ার যে প্রবণতা দেখা যায়, তা রোধতে রাবার মেশানো বিটুমিন ব্যবহার অত্যন্ত কার্যকর। মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও এই প্রযুক্তির কারণে তাদের সড়ক মজবুত থাকে। স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বর্তমান সরকার রেইনি সিজনে রাস্তা রক্ষায় এই পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা না থাকায় মালয়েশিয়ার সহায়তা নিয়ে কাজটি এগিয়ে নেওয়া হবে।
এর আগে ২০০৫ সালে বগুড়া সদরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্বাচনি এলাকায় মালয়েশিয়ার প্রযুক্তিতে দুই কিলোমিটার রাস্তা নির্মাণের পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। ওই সময় লিখিত প্রতিবেদনে বলা হয়, তৎকালীন এলজিইডির প্রধান প্রকৌশলী শহীদুল হাসানের তত্ত্বাবধানে নির্মিত ওই পরীক্ষামূলক সড়কটি দীর্ঘদিন পরেও অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে, যা এই প্রযুক্তির সফলতার প্রমাণ বহন করে।

