বিকেল-রাতে দুই হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা
রবিবার (৩০ আগস্ট) দেশের বিদ্যুৎ খাতে চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার মধ্যে ব্যাপক ব্যবধান সৃষ্টি হতে পারে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর সারা দেশে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে।
বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, বিকেল ৩টায় বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে প্রায় ১৬ হাজার ৯৮০ মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন থাকবে ১৪ হাজার ৪৫০ মেগাওয়াট। এই সময়ে সর্বোচ্চ প্রায় ২ হাজার ৪১৬ মেগাওয়াট লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় ঘাটতি কমে ১ হাজার ৩৯৪ মেগাওয়াটে নেমে আসতে পারে। তবে রাত বাড়ার সাথে সাথে আবার ঘাটতি বাড়তে শুরু করবে। রাত সাড়ে ৭টায় এই ঘাটতি প্রায় ২ হাজার ৩২১ মেগাওয়াট এবং রাত ১১টায় ২ হাজার ৩০২ মেগাওয়াটে পৌঁছাতে পারে।
পাওয়ার গ্রিডের হিসাব মতে, রাত ১১টায় ১৭ হাজার ৯১০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন সক্ষমতা থাকবে ১৫ হাজার ৫০০ মেগাওয়াট। এর ফলে আজকের এই সময়টুকুতে সারাদেশের মানুষকে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হতে হতে পারে।

