রাজধানীতে ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট
দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে আগামী ৩ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬’। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত এই আন্তর্জাতিক পর্যটন মেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
আয়োজকরা জানিয়েছেন, বিশ্ব বাজারের সাথে দেশের পর্যটন খাতের সরাসরি যোগসূত্র স্থাপন করাই এই মেলার মূল লক্ষ্য। ইতিমধ্যে মেলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি এবং গন্তব্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজকদের প্রত্যাশা, এবার প্রায় ১০০টি প্রদর্শক প্রতিষ্ঠান, ৬০ জন ক্রেতা এবং ১৫ হাজার দর্শনার্থী এই আসরে উপস্থিত থাকবেন।
এবারের ট্রাভেল মার্টের অন্যতম বৈশিষ্ট্য হবে পূর্বনির্ধারিত ক্রেতা-বিক্রেতা বৈঠক। অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য বৈঠক ফিক্স করে ক্রেতা ও বিক্রেতারা পারস্পরিক ব্যবসায়িক আলোচনা করতে পারবেন। এই আয়োজন দেশের পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

