চট্টগ্রামে পুলিশের বড় অভিযান, গ্রেফতার ৩২৮ জন, উদ্ধার ২৫৭ কেজি গাঁজা
মহানগর ও জেলা জুড়ে মাদকের ছোবল রুখতে ব্যাপক অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে সন্দেহভাজনসহ ৩২৮ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে ২১ হাজার ৫৩৬ পিস ইয়াবা, ২৫৭ কেজি ২৩৫ গ্রাম গাঁজা এবং ২০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক ব্যবসায়ীরা।
আটক ৩২৮ জনের মধ্যে ৭১ জনকে নিয়মিত মামলায়, ২৩ জনকে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং আটজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ১২৩ জন ও সাজাপ্রাপ্ত চারজনকেও গ্রেফতার করা হয়। এই সময়ে মাদক মামলায় গ্রেফতার হন ৯৯ জন, যাদের মধ্যে ৩৯ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ৬০ জন মাদক সেবী।
মাদকবিরোধী এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ৫২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২০ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য আইনে ৩২টি নতুন মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনগুরুত্বের কারণে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

