গলাচিপায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মতবিনিময়
পটুয়াখালীর গালাচিপা উপজেলার নিজ সংসদীয় আসনে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রতিমন্ত্রী নুরুল হক। স্থানীয় প্রশাসনের সার্বিক কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, উন্নয়ন কর্মকাণ্ড এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সম্প্রতি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী নুরুল হক সরকারি সেবাকে আরও জনবান্ধব ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, নাগরিক সেবা, কৃষি, মৎস্য, স্বাস্থ্য, সমাজসেবা, নারী ও শিশু উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুজর মো. ইজাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম সাইয়ুম, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষ যাতে সরকারি বিভিন্ন সেবা সহজে ও দ্রুততার সঙ্গে পেতে পারেন, সে বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নারী ও শিশুদের কল্যাণে বাস্তবায়িত কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি এলাকার মানুষের সমস্যা ও চাহিদাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, চলমান প্রকল্প এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তারা জানান জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে প্রতিমন্ত্রী নুরুল হক উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারি কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

