রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

প্রাইম বার্তা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯:১৪ পিএম
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার প্রযুক্তি উদ্যোক্তা ও আইটি পেশাজীবী রাশেদুল হক রুমি। ‘ডিজিটাল সলিউশন্স’ প্রযুক্তি আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে গ্লোবাল ডিজিটাল ফোরাম। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ফোরামে বিশ্বের ১১০টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি সরকারি ও আন্তর্জাতিক সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান, ডেভেলপার এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। ফোরামে ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত অবকাঠামো, উদ্ভাবন, ডিজিটাল সেবা এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কর্মসূচিতে রয়েছে প্লেনারি সেশন, বিজনেস ট্র্যাক, শিক্ষাবিষয়ক ও ব্যবহারিক সেশন, বিজনেস ম্যাচিং, নেটওয়ার্কিং এবং প্রযুক্তি প্রদর্শনী। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাশেদুল হক রুমি দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। ওয়েব প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং অবকাঠামো এবং ডিজিটাল সেবায় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বর্তমানে তিনি ডায়ানা হোস্ট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একাধিক প্রযুক্তি ও ডিজিটাল সেবাভিত্তিক উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন। গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশগ্রহণ প্রসঙ্গে রাশেদুল হক রুমি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা কীভাবে নতুন প্রযুক্তি ব্যবহার করছেন, কী ধরনের ডিজিটাল সমাধান তৈরি করছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে কাজ করছেন—এসব কাছ থেকে জানার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে বিভিন্ন দেশের প্রযুক্তি পেশাজীবী ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা, নতুন ধারণা ও যোগাযোগ দেশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং ডিজিটাল সেবার উন্নয়নে কাজে লাগাতে চাই। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ হিসেবেও আমি এ আয়োজনকে দেখছি।” ফোরামে অংশ নেওয়া বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের নতুন ডিজিটাল সমাধান, প্ল্যাটফর্ম ও উদ্ভাবন প্রদর্শন করবে। একই সঙ্গে বিভিন্ন দেশের প্রযুক্তি উদ্যোক্তা, প্রতিষ্ঠান ও পেশাজীবীদের মধ্যে সরাসরি যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ থাকবে। রাশেদুল হক রুমি আশা করেন, ফোরাম থেকে অর্জিত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ ভবিষ্যতে বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজে লাগবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের তরুণদের প্রযুক্তি ও উদ্যোক্তাবিষয়ক কাজে আগ্রহী করতেও এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আয়োজকদের ভাষ্য, গ্লোবাল ডিজিটাল ফোরামের লক্ষ্য হলো বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের অংশীজনদের একই প্ল্যাটফর্মে যুক্ত করা, বৈশ্বিক ডিজিটাল প্রবণতা নিয়ে মতবিনিময় করা এবং আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা ও অংশীদারত্বের নতুন সুযোগ তৈরি করা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...