শিক্ষকের বুলিংয়ের অভিযোগ তদন্তের দাবি অভিভাবক নেতাদের

প্রাইম বার্তা ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬ ১:১৯ পিএম
শিক্ষকের বুলিংয়ের অভিযোগ তদন্তের দাবি অভিভাবক নেতাদের

রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ইবতিশাম রাফিফ ইসলাম আরিশার আত্মহত্যার ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে বুলিং, প্ররোচনা, হয়রানি ও কোচিংয়ে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগের তদন্ত দাবি করেছে অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য ও গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং সাধারণ সম্পাদক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক মো. সেলিম মিয়া।

বিবৃতিতে তারা বলেন, আরিশার আত্মহত্যার ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে ওঠা বুলিং, প্ররোচনা, হয়রানি, কোচিংয়ে বাধ্য করা এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে আত্মহত্যায় প্ররোচনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিভাবক নেতারা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছে। তাদের দাবি, শিক্ষকদের বেপরোয়া আচরণ, দুর্ব্যবহার, খামখেয়ালিপনা এবং শিক্ষার্থীদের সঙ্গে বুলিংয়ের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বুলিং এবং কোচিংয়ে যেতে বাধ্য করার অভিযোগ রয়েছে। এ ধরনের পরিস্থিতি শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে এবং এর ফলে আত্মহত্যাসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি শিক্ষকদের জন্য কার্যকর আচরণবিধি ও নীতিমালা প্রণয়নের দাবি জানান অভিভাবক ঐক্য ফোরামের নেতারা।

তারা আরিশার মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...