স্বস্তির খবর: চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে নামছে বন্যার পানি
দেশের দক্ষিণ-পূর্ব ও পার্বত্য অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের পরিস্থিতি এখন উন্নতির দিকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তর এবং বিভিন্ন জেলা ও উপজেলা তথ্য অফিসের প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কক্সবাজারে বন্যার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে এবং নতুন করে কোনো পাহাড়ধসের ঘটনা ঘটেনি। সরকারি বিবৃতিতে আবহাওয়া অফিসের তিন নম্বর সতর্ক সংকেত কার্যকর রয়েছে বলেও জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা ও আঞ্চলিক তথ্য অফিস সূত্রে জানা গেছে, মহানগরসহ ১৫টি উপজেলা বন্যাকবলিত হলেও সেখানে পানি নিষ্কাশন শুরু হয়েছে। বন্যার কারণে স্থগিত এইচএসসি পরীক্ষার খবর জানাতে এবং মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সাপের আক্রমণ এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ত্রাণ সহায়তা নিতে এসে কারো সাথে আর্থিক লেনদেন না করতে এবং বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকতে বলা হয়েছে।
খাগড়াছড়ি ও কক্সবাজারের অবস্থারও উন্নতি হয়েছে। খাগড়াছড়িতে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে, তবে স্বাভাবিক জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। অন্যদিকে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও নতুন কোনো ভূমিধসের ঘটনা ঘটেনি। জেলার ৭৪টি পৌরসভা ও ইউনিয়ন আক্রান্ত থাকলেও বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্থানীয় প্রশাসন ও তথ্য অফিসগুলো জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

