গাঁজার প্রস্তাবে সাড়া না দেওয়ায় যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৪:২৩ এএম
গাঁজার প্রস্তাবে সাড়া না দেওয়ায় যাত্রাবাড়ীতে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিবেশীর বর্বর হামলায় রিফাত মৃধা (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রায়েরবাগের খানবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামের হাসেম মৃধার ছেলে। পেশায় তিনি একটি কার্টন কারখানার শ্রমিক ছিলেন এবং পরিবার নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাসার সামনে বসা অবস্থায় প্রতিবেশী শাকিল নামের এক যুবক রিফাতকে গাঁজা সেবনের প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

রিফাতের বাবা হাসেম মৃধা জানান, প্রথমে মারামারি থামিয়ে দেওয়া হলেও কিছুক্ষণ পর শাকিল আবার এসে রিফাতকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়লে হামলাকারী দ্রুত পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল ও তার পরিবার বাসায় তালা দিয়ে পলাতক রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...