দুই দশকে শহরে জনসংখ্যা দ্বিগুণ, আবাসনের ঘাড়ে নেমে এসেছে সংকট

প্রাইম বার্তা অনলাইন
২১ জুলাই ২০২৬ ৩:২৪ এএম
দুই দশকে শহরে জনসংখ্যা দ্বিগুণ, আবাসনের ঘাড়ে নেমে এসেছে সংকট

দেশে অব্যাহত নগরায়ণের ফলে গত ২০ বছরে শহরের জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। এর প্রভাবে আবাসন খাতে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক অর্থ করপোরেশনের (আইএফসি) পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে আবাসনের চাহিদা দাঁড়াবে এক কোটি ৫ লাখ ইউনিটে। একইসঙ্গে ২০৩৭ সালের মধ্যে দেশের অধিকাংশ মানুষ শহরে বসবাস করবেন বলেও ধারণা করা হচ্ছে।

সোমবার রাজধানীতে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) আয়োজিত এক অংশীজন পরামর্শ কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। টেকসই ভবন মূল্যায়ন ও লেবেলিং ব্যবস্থা চালুর লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পাশাপাশি জার্মান সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত ‘ট্রান্সফর্মিং দা বিল্ট এনভায়রনমেন্ট’ প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বেসরকারি খাতের উদ্যোক্তারা এতে অংশ নেন।

কর্মশালায় জাতীয় পর্যায়ের ভবন লেবেলিং ব্যবস্থা ‘এইচবিআরআই-ডেশ’ এবং এর ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হয়। এর মাধ্যমে সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল ভবন নির্মাণে জোর দেওয়া হবে। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মৎ ফেরদৌসী বেগম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া এবং এইচবিআরআইয়ের মহাপরিচালক ড. গিয়াসউদ্দিন হায়দার। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধিরা এই আলোচনায় নীতি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...