দিল্লি হাইকমিশনে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান
সাংবাদিকতার দীর্ঘদিনের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রথিতযশা সাংবাদিক মো. সাইদুর রহমান। গত সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তিনি এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ পেয়েছেন। নিয়োগ কার্যকর হবে যোগদানের তারিখ থেকে। তবে শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চলমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
মো. সাইদুর রহমান দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাকের ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ২০২৩-২৪ সেশনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতির দায়িত্ব সামলান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৩-০৪ ব্যাচের শিক্ষার্থী সাইদুর সাতক্ষীরার কলারোয়ার সন্তান। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

