ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের শিল্পায়নে মাস্টারপ্ল্যানের তাগিদ

প্রাইম বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৬ ৪:৫৯ এএম
ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের শিল্পায়নে মাস্টারপ্ল্যানের তাগিদ

ভোলায় প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ আবিষ্কারের পর এখন সেটি কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে একটি সুদূরপ্রসারী মহাপরিকল্পনা বা ‘মাস্টারপ্ল্যান’ গ্রহণ করা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই প্রাকৃতিক সম্পদকে ঘিরে কীভাবে শিল্পায়ন সম্প্রসারিত করা যায়, সে বিষয়ে দক্ষ ও চিন্তাশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

গত মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পেশাগত বাস্তবতায় অনেক তথ্যের সমন্বয় ঘটান। এই তথ্যগুলো কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নের একটি ধারণাপত্র তৈরি করলে তা নীতি-নির্ধারকদের ওপর ইতিবাচক মানসিক চাপ সৃষ্টি করবে। এ ছাড়া ভাঙ্গা থেকে দক্ষিণের যোগাযোগ ব্যবস্থা, কুয়াকাটার পর্যটন সম্ভাবনা এবং বিমান চলাচল নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের ১০ জন কৃতি সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—ওবায়দুর রহমান শাহীন, আবু সালেহ আকন, মাইনুল হাসান সোহেল, খন্দকার কাওছার হোসেন, গাযী আনোয়ার, মনির হোসেন, কাজী জেবেল, শফিকুল ইসলাম শামীম, রাহাত সাইফুল ও জাওহার ইকবাল খান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...