নিরঙ্কুশ জয় বিএনপির, ১৯২ আসন নিয়ে সরকার গঠনের পথে তারেক

প্রাইম বার্তা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪ এএম
নিরঙ্কুশ জয় বিএনপির, ১৯২ আসন নিয়ে সরকার গঠনের পথে তারেক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে থেকে সরকার গঠনের স্পষ্ট সংকেত দিয়েছে বিএনপি ও তার মিত্ররা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত ঘোষিত ২৬৩টি আসনের ফলাফল অনুযায়ী, দলটি ১৯২টি আসনে জয় ছিনিয়ে এনেছে। এর ফলে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই সরকার গঠনের মধুর স্বাদ পেতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে, ৬৫টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার পথ তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে ৭২ হাজারেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন দলীয় প্রধান তারেক রহমান। এছাড়া ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন এবং কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। উল্লেখযোগ্য হলো, ঢাকা-১৩ আসনে বিএনপির ববি হাজ্জাজ জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হককে পরাজিত করেছেন। অন্যদিকে ঢাকা-১৫ আসনে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ৮২ হাজার ৬৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, আইনি জটিলতার কারণে শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪—এই তিনটি আসনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি ৫টি আসনে জয় পেয়েছে অন্যান্য দল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো জামায়াতে ইসলামী বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...