শিক্ষায় সবার অংশগ্রহণ ও তরুণদের ভূমিকা জরুরি: রেহানা পারভীন
দেশের শিক্ষা ব্যবস্থাকে গুণগত মানে উন্নীত করতে হলে একতরফা নীতির পরিবর্তে সব মহলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (বিএনসিইউ) সেক্রেটারি জেনারেল রেহানা পারভীন জানান, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং নীতিনির্ধারকদের সমন্বিত প্রচেষ্টা ছাড়া কার্যকর শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।
শিক্ষা সচিব বলেন, শিক্ষার মান সরাসরি শিক্ষার্থীদের ভবিষ্যতের ওপর নির্ভরশীল। তাই আনন্দদায়ক এবং বাস্তবসম্মত শিক্ষা নিশ্চিত করতে সমাজের সব স্তরের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি বাংলাদেশের তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সামাজিক ও পারিবারিক নানা প্রতিকূলতা মোকাবিলা করে বেড়ে ওঠা এই তরুণরা অভিজ্ঞতার দিক থেকেও অত্যন্ত শক্তিশালী। বিশ্বের বিভিন্ন কাঠামোগত পরিবর্তনে তরুণদের নেতৃত্ব ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।
আন্তর্জাতিক শিক্ষা দিবসের মূল প্রতিপাদ্য শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে তরুণদের শক্তি ও সক্রিয়তা কাজে লাগাতে হবে। শিক্ষার্থীদের দায়িত্বশীল নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান তিনি। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিইউ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং সম্মানিত অতিথি ছিলেন ইউনেস্কোর বাংলাদেশে প্রতিনিধি সুজান ভাইজ।

